মাদারীপুর জেলার
শিবচরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেস হাইওয়েতে ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষের
ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা
মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টায় তার মৃত্যু হয়।
নিহত ব্যক্তির
নাম মো. রিয়াজুল ইসলাম (৩৭)। তিনি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার জুরকাঠী এলাকার আবদুস
সালাম মিয়ার ছেলে।
এছাড়া অন্যান্য
নিহতরা হলেন বরিশাল জেলার উজিরপুর উপজেলার নারিকেলী এলাকার নিরঞ্জন বাড়ৈর ছেলে স্বপন
বাড়ৈ (৪৪), সিরাজগঞ্জ সদরের আতাউর রহমানের ছেলে মাহাবুবুর রহমান (২৮) ও পটুয়াখালী জেলার
বাউফল উপজেলার পাতিলাপাড়া এলাকার জাকির হোসেন তালুকদারের মেয়ে নুসরাত জাহান শান্তা
(২৬)। এছাড়া গুরুতর আহত অবস্থায় এক শিশুসহ কমপক্ষে ১০ জনকে ফরিদপুর, ভাঙ্গা ও পাঁচ্চর
এলাকার হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাকিল
আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
শিবচর হাইওয়ে
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল আহমেদ বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে
সাতটায় এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের সূর্যনগর বাজার সংলগ্ন এলাকার
সড়কে হানিফ পরিবহনের বরিশালগামী একটি বাস দ্রুতগতিতে অপর একটি বাসকে অতিক্রম করতে গেলে
সামনে থাকা মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় মালবাহী ট্রাকটি উল্টে পাশের সার্ভিস
সড়কে পড়ে যায়। মহাসড়কের ওপর দুমড়ে-মুচড়ে যায় যাত্রীবাহী বাসটি। এ সময় ঘটনাস্থল থেকে
দুজন এবং শিবচর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়ার নেয়ার পথে আরো একজনের মৃত্যু হয়।
এছাড়া রাত সাড়ে ১২ টায় ঢাকা মেডিকেলে মারা যায় আরো একজন।
ওসি আরো বলেন,
দুর্ঘটনায় দুই বছরের এক শিশুসহ গুরুতর আহত হয়েছে কমপক্ষে ১০ জন। আহত ওই শিশুটির মা
ঘটনাস্থলেই মারা গেছে। এছাড়া শিশুটির বাবা গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন
ছিলেন। এ পরিবারটি ঢাকা থেকে পটুয়াখালীতে শিশুটির অসুস্থ নানাকে দেখতে যাচ্ছিল। শিশুটি
আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছে।
এ বিষয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, হানিফ পরিবহনের বাসটির অত্যন্ত দ্রুতগতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি।










