ময়মনসিংহে বিএনপির বিভাগীয় সমাবেশের দিন আজ শনিবার জেলা জুড়ে অঘোষিত হরতাল চলছে। সকাল থেকে নগরীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়া দলটির নেতাকর্মীরা অভিযোগ করেন, সমাবেশ বাধাগ্রস্ত করতে ময়মনসিংহের সঙ্গে জেলা ও উপজেলার গণপরিবহন বন্ধ করে দেয়া হয়েছে।
গতকাল শুক্রবার রাত থেকেই সমাবেশস্থল নগরীর পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে অবস্থান নিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। অনেকেই সেখানে রাত্রি যাপন করে।
সমাবেশে বৃহত্তর ময়মনসিংহের কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলার নেতাকর্মীরাও অংশ নিচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
আজকের এই সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
শুরুতে সার্কিট হাউস মাঠে সমাবেশের অনুমতি চেয়েছিল বিএনপি। কিন্তু প্রশাসনের সাড়া ইতিবাচক না হওয়ায় বিকল্প পথে হাঁটে তারা।
এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানান, সার্কিট হাউস মাঠের অনুমতি না পাওয়ায় প্রশাসনের মৌখিক নির্দেশে পলিটেকনিক মাঠে গণসমাবেশ করার সিদ্ধান্ত নেয়া হয়। রাত আটটার পর সমাবেশেস্থলে মঞ্চ তৈরিসহ অন্যান্য কাজ শুরু করা হয়।
এ দিকে শুক্রবার রাত থেকে সব ধরনের গণপরিবহন বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। ভোগান্তির শিকার হচ্ছেন রোগী ও শিক্ষার্থীরা।
এ বিষয়ে ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির মহাসচিব মাহবুবুর রহমান বলেন, সমাবেশকে কেন্দ্র করে সংঘাতের আশঙ্কা রয়েছে। তাই গণপরিবহনের নিরাপত্তার কথা চিন্তা করে শনিবার ময়মনসিংহে বাস, ট্রাক, অটোরিকশা চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে।
বিএনপি নেতাদের অভিযোগ, গণসমাবেশে জনসমাগম ঠেকাতেই সরকারের নির্দেশে এই সিদ্ধান্ত নিয়েছে পরিবহন মালিকরা। তবে আওয়ামী লীগ নেতাদের দাবি, এ ব্যাপারে তারা কিছুই জানেন না।










