মাদারীপুরের শিবচরে দুই ইট ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহতদের একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। সোমবার রাতে ও মঙ্গলবার সকালে উপজেলার মাদবরচর হাট এলাকায় পৃথক দুটি ঘটনায় এ হামলা ঘটে।

আহতরা হলেন—মাদবরচর ইউনিয়নের খাড়াকান্দি গ্রামের তোতা মিয়া উকিলের ছেলে নুর ইসলাম উকিল ও একই এলাকার বাচ্চু উকিলের ছেলে ফরিদ উকিল (৩৬)।

পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গেছে, সোমবার রাত ১১টার দিকে ব্যবসায়িক কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন নুর ইসলাম। পথে মাদবরচর হাট এলাকায় দুর্বৃত্তরা তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে।

অন্যদিকে, মঙ্গলবার সকালে মাদবরচর ক্লাব এলাকায় একা পেয়ে ফরিদ উকিলের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। তাকে কুপিয়ে জখম করলে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা দুইজনকেই উদ্ধার করে শিবচরের ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গুরুতর আহত ফরিদকে পরে ঢাকায় পাঠানো হয়। ভুক্তভোগী ও স্থানীয়রা ধারণা করছেন, পূর্ব শত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটেছে।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাশেদুল ইসলাম চৌধুরী বলেন, আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এর মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, অন্যজন হাসপাতালে ভর্তি আছেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, পরপর দুটি হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।