রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) প্রথমবারের মতো চারটি আবাসিক হলে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে আধুনিক রিভার্স অসমোসিস (আরও) ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। এর মাধ্যমে আবাসিক শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পানীয় জল নিশ্চিত হবে বলে আশা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গতকাল সোমবার নবনির্মিত চারটি আবাসিক হল ছাত্র হল-১, ছাত্র হল-২, নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হল (ছাত্রী হল-১) এবং ছাত্রী হল-২-এর ছাদে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনের সব কারিগরি কাজ শেষ হয়েছে।
রাজশাহী অঞ্চলের ভূগর্ভস্থ পানিতে আয়রনের মাত্রা বেশি হওয়ায় শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে পানীয় জলের মান নিয়ে ভোগান্তিতে ছিলেন। এ সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিশেষ উদ্যোগের অংশ হিসেবে প্লান্টগুলো বসানো হয়েছে। ৩০ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করেছে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর।
প্রকল্পটির তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. এইচ. এম. রাসেল বলেন, রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের দিকনির্দেশনায় প্রাথমিকভাবে নতুন চারটি হলে এ প্লান্ট চালু করা হয়েছে। রাজশাহী অঞ্চলে আয়রনসমৃদ্ধ পানির যে সমস্যা রয়েছে, এ উদ্যোগ তার কার্যকর সমাধান দিতে পারবে। ভবিষ্যতে প্রকল্পটি আরো বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।










