কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টসংলগ্ন রূপসী বাংলা রেস্টুরেন্ট ও দ্য সি প্রিন্সেস হোটেলে অভিযান চালিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। গতকাল সকালে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিনিয়া জিন্নাতের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় নিরাপদ খাদ্য আইনের বিধি লঙ্ঘনের দায়ে রূপসী বাংলা রেস্টুরেন্টকে ২ লাখ এবং দ্য সি প্রিন্সেস হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিনিয়া জিন্নাত জানান, অভিযানকালে প্রতিষ্ঠান দুটির রান্নাঘর অত্যন্ত নোংরা ও অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া যায়। সেখানে থাকা ফ্রিজে পচাবাসি খাবার লেবেলবিহীন অবস্থায় মজুদ ছিল। কিচেন তেলাপোকায় ভরপুর ছিল। হোটেল দুটিতে নিরাপদ খাদ্য আইনের বিধি লঙ্ঘনের ফলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়।
অভিযানকালে জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক জহুর লাল পাল ও জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. নাজমুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।










