দীর্ঘ তাপপ্রবাহের পর অবশেষে বৃষ্টির দেখা পেল রাজধানীবাসী। রোববার (২৬ এপ্রিল) বিকেল ৪টার পর মহানগরীর বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি শুরু হয়। তবে সব এলাকায় নয়—কারওয়ান বাজার, মিরপুর, পুরান ঢাকার সূত্রাপুর, বংশাল, মাতুয়াইলসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি পড়তে শুরু করে। কোথাও হালকা, আবার কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এই বৃষ্টি ধীরে ধীরে সারা ঢাকায় ছড়িয়ে পড়বে বলে আগেই পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।

এদিন সকাল থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘলা। এরপর দুপুরের দিকে কিছু এলাকায় ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে শুরু করলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। বিকেল ৪টা থেকে সোয়া ৪টার মধ্যে পুরান ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। এতে দীর্ঘ তাপদাহের পর স্বস্তি পেয়েছে রাজধানীর মানুষ। কমে এসেছে তাপমাত্রা।

রিকশাচালক আলমগীর বলেন, `কয়েক দিন ধরেই গরমে কাজ করা কষ্ট হয়ে যাচ্ছিল। আজ বৃষ্টি হওয়ায় একটু শান্তি লাগছে।' ইকবাল নামে এক চাকরিজীবী বলেন, `বৃষ্টি হওয়ায় একটু স্বস্তি পেলেও ভোগান্তি হচ্ছে। কারণ অফিস শেষে হঠাৎ বৃষ্টিতে ভিজে বাসায় যেতে হচ্ছে।'

এদিকে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে আজ (২৬ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪–৮৮ মিলিমিটার, ২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (৮৮ মিলিমিটারের বেশি, ২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে এসব এলাকার কোথাও কোথাও সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।