বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়া মাছের ট্রাক থেকে চার কেজি ৬৬৭ গ্রাম ওজনের ৪০টি স্বর্ণের বার উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ১৮ মার্চ সন্ধ্যায় ভারতের পেট্রাপোল বন্দর থেকে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার মূল্য সাড়ে ৩ কোটি টাকা। 

এ ঘটনার পর আমদানি-রফতানিতে নজরদারি শুরু করছে প্রশাসন। পাচারকারীরা বৈধ পণ্যের অন্তরালে এসব অবৈধ কারবার শুরু করায় ব্যবসায়ীরা আতঙ্কে আছেন। ব্যবসায়ীদের দাবি, বেনাপোল বন্দরে প্রশাসনের নজরদারির অভাবে একের পর এক অনিয়ম ধরা পড়ছে।

বেনাপোল কাস্টমস কার্গো শাখা সূত্রে জানা গেছে, সাতক্ষীরার মোস্তফা অর্গানিক নামক একটি রফতানিকারক প্রতিষ্ঠান তিন টন তেলাপিয়া মাছ ভারতে রফতানি করে। যার বিল অব এন্ট্রি নং সি-১৯২৫১ তারিখ ১২/০৩/২০২৩। পণ্যের দাম ৭ হাজার ৫০০ মার্কিন ডলার। পণ্য চালানটি রফতানির জন্য ব্রাদার্স সিন্ডিকেট নামক সিঅ্যান্ডএফ এজেন্ট বেনাপোল কাস্টমসে ডকুমেন্ট দাখিল করে। পণ্য চালানটি আমদানি করে ভারতের উত্তর চব্বিশ পরগনার বাবা ইন্টারন্যাশনাল। পেট্রাপোল বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট হিসেবে ছিল রয়েস ইন্টারন্যাশনাল। রফতানীকৃত এ মাছবাহী ট্রাক থেকে ৪০টি স্বর্ণের বার উদ্ধারের ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন।