লক্ষ্মীপুরে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভুয়া প্রশ্নপত্র দিয়ে প্রতারণা করায় প্রতারক চক্রের তিন সদস্যসহ ১৩ জনকে আটক করা হয়েছে। পরীক্ষা শুরুর আগেই তাদের আটক করা হয়।
আজ শুক্রবার দুপুরে জেলা পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রামগঞ্জ ও সদর উপজেলার বিভিন্ন স্থানে ও পরীক্ষার হলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় প্রতারক চক্রের কাছ থেকে জব্দ করা বিভিন্ন পরীক্ষার্থীদের কাছ থেকে চুক্তি অনুযায়ী জামানত হিসাবে নেয়া বিভিন্ন ব্যাংকের স্বাক্ষরিত চেকের পাতা ও কয়েকটি মুল সনদপত্র ও ভুয়া প্রশ্নপত্রের কপি প্রদর্শন করেন পুলিশ সুপার। আটককৃতদের মধ্যে ৭ জন নারী ও ৬ জন পুরুষ রয়েছে । তাদের মধ্যে আবার ৮ জন চলতি নিয়োগ পরীক্ষায় পরীক্ষার্থী ছিল।
পুলিশ সুপার জানান, লক্ষ্মীপুরে ২৩ কেন্দ্রে ১৩ হাজার ১০৯ জন চাকরি প্রার্থী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নেন। এতে একটি চক্র রামগঞ্জ উপজেলার নন্দনপুর গ্রামের আমিরেন্নেছা ভবন থেকে প্রশ্নপত্র দেয়ার নামে বিভিন্ন পরীক্ষার্থীদের কাছ থেকে চেকের মাধ্যমে ৮-১০ লাখ টাকা হাতিয়ে নেয়। গোপন তথ্যের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালায়। এতে সকালে পরীক্ষা শুরুর আগেই ওই ভবন থেকে মাহমুদুল হোসাইন, তার স্ত্রী শারমীন আক্তার, সুমি আক্তার, মোরশেদা জান্নাত রেবু, সুরাইয়া আক্তার, তানিয়া বাসার, তাসনিম আক্তার ও শারমিন আক্তারকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে উত্তরপত্র সম্বলিত ভুয়া প্রশ্নপত্র, বিভিন্ন ব্যাংকের খালি চেকের পাতা, শিক্ষা সনদের মূল কপিসহ পরীক্ষার ১২টি প্রবেশপত্র উদ্ধার করা হয়। পরে আটকদের দেয়া তথ্যমতে মঞ্জুর হোসেন, রহমত উল্লাহ, পারভেজ হোসেন, জহিরুল ইসলাম ও জামাল উদ্দিন সবুজ নামে আরও পাঁচজনকে আটক করে গোয়েন্দা পুলিশ।
পুলিশ সুপার আরো জানা, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা করা হবে। প্রশ্নপত্র ফাঁস চক্রের অন্যান্য সদস্যদের খোজে মাঠ পুলিশ কাজ করছে। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান ও ডিআইওয়ান আজিজুর রহমান মিয়া।
প্রসঙ্গত, পূর্বের নির্ধারিত অনুযায়ী দেশব্যাপী আজ শুক্রবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। তারই অংশ বিশেষ লক্ষ্মীপুরে ২৩টি কেন্দ্রে ১৩ হাজার ১০৯জন পরীক্ষার্থী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেন।










