সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ধোপাজান নদীতে অবৈধভাবে পাথর আনতে গিয়ে নৌকা ডুবে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার সুলকাবাদ ইউনিয়নের ধোপাজান নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
মৃত শ্রমিকরা হলেন উপজেলার সুলকাবাদ ইউনিয়নের মণিপুরহাটি গ্রামের আবু হানিফের ছেলে আনোয়ার হোসেন (২২) ও একই গ্রামের আক্তার হোসেনের ছেলে অণিক মিয়া (১৭)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে আনোয়ার ও আক্তার পাথরের নৌকা নিয়ে বের হলে ধোপাজান নদীতে ঝড়ের কবলে পড়েন। এ সময় রাত বেশি হয়ে যাওয়ায় নৌকার ভেতর আশ্রয় নেন তারা। নৌকাটি তারা নদীর পাড়ে একটি ঘাটে বেঁধে ঘুমিয়ে পড়েন। পরে ঝড়ে নৌকাটি ডুবে যায়। এটা স্থানীয়দের ধারণা। গতকাল সকালে স্থানীয়রা বিষয়টি জানালে ডুবুরি দল তাদের মরদেহ নৌকার ভেতর থেকে উদ্ধার করে।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি রাতে দুই শ্রমিক নৌকায় ঘুমিয়েছিলেন। রাতে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে তারা নিখোঁজ হন। দুপুরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।










