ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ৩ হাজার ১১৮ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার উচাখিলা বাজারের একটি গুদাম ও দোকান থেকে এসব চাল জব্দ করা হয়।
ঈশ্বরগঞ্জ উপজেলা উপখাদ্য পরিদর্শক মো. আনোয়ার হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উচাখিলা বাজারে একটি গোডাউনে বিপুল পরিমাণ খাদ্যবান্ধব কর্মসূচির চাল মজুত আছে। পরে রাতেই অভিযান চালিয়ে উচাখিলা বাজারের মানিক মিয়ার গুদাম থেকে ৩০ কেজির ১০৭ বস্তা চাল জব্দ করা হয়। একই বাজারের আব্দুস সাত্তারের দোকান থেকে আরো আট বস্তা চাল জব্দ করা হয়। ওই দোকান থেকে খাদ্যবান্ধব কর্মসূচির তিন বস্তা চাল কিনে নিয়ে রিকশা করে যাচ্ছিল এক ব্যক্তি। অভিযানের খবরে সে চাল রাস্তায় ফেলে রেখেই চলে যায়। পরে ওই চালও জব্দ করা হয়। সব মিলিয়ে জব্দ ১১৮ বস্তা চাল সরকারি খাদ্যগুদামে নেয়া হয়েছে। অভিযান হবে এমন খবর পেয়ে অসাধু ব্যবসায়ীরা আগেই পালিয়েছে। যে কারণে কাউকে আটক সম্ভব হয়নি।’
ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।










