মুন্সিগঞ্জে ব্যাটারিচালিত একটি রিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা দেয়ালে ধাক্কা দেয়। এ দুর্ঘটনায় রিকশার চালক নিহত হয়েছেন। আজ শুক্রবার (১২ মে) সকালে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের জোড়পুকুরবার এলাকায় মুক্তারপুর-মুন্সিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।


নিহতের স্বজনরা জানান, সকালে শহরের মানিকপুর এলাকা থেকে ভাড়ায়চালিত অটোরিকশা নিয়ে বের হন চালক মো. শহিদুল ইসলাম (২৭)। প্রতিদিনের মতো যাত্রীর খোঁজে মুক্তারপুরের অটো স্ট্যান্ডে যাওয়ার সময় পথেই দুর্ঘটনার শিকার হন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


শহিদুল শহরের মানিকপুর এলাকার একটি ভাড়া বাড়িতে স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলায়।


সদর থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান জানান, অটোরিকশা উল্টে চালক নিহতের ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়।