২০ আগস্টকে জাতীয়ভাবে ‘নদীভাঙন প্রতিরোধ দিবস’
ঘোষণার দাবিতে চাঁদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে চাঁদপুরের হাইমচর সরকারি কলেজ মাঠসংলগ্ন নদীতীরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো. মানোয়ার হোসেন মোল্লা। হাইমচর ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত এ সভায় বক্তব্য রাখেন দৈনিক আজকের পত্রিকার সহকারী সম্পাদক বিভূরঞ্জন সরকার, রিভারাইন পিপলের মহসচিব শেখ রোকন, নেক্সাস টেলিভিশনের কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর আমিন আল রশীদ, নদীভাঙন প্রতিরোধ সংগ্রাম দিবসের সংগঠক হাসান আলী, হাইমচর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি শাহাদাত মিয়াজী। সভা পরিচালনা করেন হাইমচর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন।
সভায় বক্তারা বলেন, ১৯৮৮ সালের ২০ আগস্ট চাঁদপুরের হাইমচর উপজেলায় স্মরণকালের সবচেয়ে ভয়াবহ নদীভাঙন হয়েছিল। সেদিন হাইমচরের হাজার হাজার মানুষ নদীভাঙনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়েছিল। এরপর থেকেই চাঁদপুরসহ সারা দেশে একযোগে নদীভাঙন প্রতিরোধে সংগ্রাম শুরু হয়েছে। যার ফলে চাঁদপুরে নদীভাঙন প্রতিরোধে একের পর এক প্রকল্প বাস্তবায়িত হয়েছে। ওই দিনটিকে স্মরণে রেখে এখন থেকে ২০ আগস্টকে জাতীয়ভাবে নদীভাঙন প্রতিরোধ সংগ্রাম দিবস ঘোষণার দাবি জানান তারা।
পানিতে ডুবে শিশুর মৃত্যু : জেলার
হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে রাফি নামের সাড়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের তারালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের এমদাদ হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম মাওলা।
জানা গেছে, গতকাল দুপুরে রাফি বাড়ির উঠানে খেলা করছিল। এরপর বেশ কিছু সময় ধরে তাকে খুঁজে পাওয়া যায়নি। একপর্যায়ে দুপুরের পর পুকুরের পানিতে ভাসতে দেখে রাফিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।
এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।










