টানা ২৯ দিনের ছাত্র আন্দোলনের পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনকে অব্যাহতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া সহ-উপাচার্য (প্রোভিসি) অধ্যাপক গোলাম রাব্বানী ও কোষাধ্যক্ষ অধ্যাপক মামুন-অর-রশীদকেও পদ থেকে অপসারণ করা হয়েছে। গতকাল রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব এএসএম কাশেম স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। নতুন উপাচার্য নিয়োগের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. তৌফিক আলম বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপচার্যের দায়িত্ব দেয়া হয়েছে।
টানা ২৯ দিন ধরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করে আসছেন। প্রথমে ২২ দফা, পরে চার দফা দাবিতে আন্দোলন শুরু করেন। তাদের দাবি পূরণ না হওয়ায় উপাচার্য অপসারণের এক দফা দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শাটডাউন, উপাচার্যের বাসভবনে তালা ও একাডেমিক শাটডাউন করা হয়। সর্বশেষ গতকাল বিকাল থেকে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
এর আগে সোমবার রাত সাড়ে ১১টা থেকে আমরণ অনশন কর্মসূচিতে বসেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। একপর্যায়ে কয়েকজন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
অনশনরত শিক্ষার্থীদের মধ্যে রবিউল ইসলাম নামের একজন গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে তাৎক্ষণিকভাবে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। গতকাল বেলা ১টার দিকে আরো তিন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মেডিকেল কলেজের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক ডা. মো. তানজিন হোসাইন।
তিনি বলেন, ‘সোমবার রাত থেকে না খেয়ে থাকা, শরীরে পানিশূন্যতা এবং অতিরিক্ত গরমে তাদের রক্তচাপ কমে যাওয়ায় তারা অসুস্থ হয়ে পড়েছেন। আপাতত তাদের স্যালাইন দেয়া হয়েছে।’
আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসন, চলমান আন্দোলনরত শিক্ষার্থীদের নামে মামলাসহ নানা দাবিতে বিক্ষোভ করে আসছিলেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। চলমান আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান, মশাল মিছিল, মহাসড়ক অবরোধ, উপাচার্যের বাসভবনে তালা লাগানো, সংবাদ সম্মেলনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন।










