বার্তা সংস্থা রয়টার্সের খবরে আইনমন্ত্রী আনিসুল হকের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে ইউনূস সেন্টার। এক্ষেত্রে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কর কর্তৃপক্ষের কখনো কোনো কর ফাঁকির মামলা ছিল না বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে ইউনূস সেন্টার। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বক্তব্যের মাধ্যমে আইনমন্ত্রী দেশের একজন বিশিষ্ট নাগরিক ও দেশের বিরুদ্ধে বৈশ্বিক গণমাধ্যমে অপবাদ দিয়েছেন।

আজ বুধবার (১২ জুন) ইউনূস সেন্টার কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবাদে উল্লেখ করা হয়েছে- আইনমন্ত্রী ড. ইউনূস কর্তৃক প্রদত্ত করের বিষয়টি উল্লেখ করেছেন। তিনি বলেন, সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে কর ফাঁকির মামলায় রায় দিয়েছে। প্রফেসর মুহাম্মদ ইউনূসের কর ফাঁকির বিষয়ে সুপ্রিম কোর্টের কোনো রায় দেয়ার প্রশ্নটি সম্পূর্ণ কাল্পনিক।

গতকাল মঙ্গলবার (১১ জুন) বিশ্বব্যাপী রয়টার্স কর্তৃক পরিবেশিত একটি সংবাদে বাংলাদেশের আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হকের দেয়া বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এ প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে ইউনূস সেন্টার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রফেসর ইউনূস আদালতে গিয়েছিলেন একটি আইনি পয়েন্টে সিদ্ধান্ত নিতে। কোর্টের কাছে প্রস্তাব ছিল যে দান আয়কর আইনের আওতায় আসে কিনা। যেহেতু কর কর্তৃপক্ষ তার দানের ওপর কর আরোপ করেছিল এবং এ বিষয়টি নিয়ে মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। যখন সুপ্রিম কোর্ট কর কর্তৃপক্ষের সঙ্গে একমত হয় তখন অধ্যাপক ইউনূস কর প্রদান করেন। এতে বিষয়টির সমাপ্তি ঘটে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মামলার কোনো পক্ষই কর ফাঁকির কথা বলেনি। অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে কর কর্তৃপক্ষ কোনো অভিযোগ নিয়ে আদালতে যায়নি। বরং প্রফেসর ইউনূসই একটি আইনি সমস্যা সমাধানের জন্য আদালতে গিয়েছিলেন।