ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রেস্টুরেন্টে টিস্যু চাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
সোমবার (৯ জুন) রাতে উপজেলার পাঠানপাড়া মোড়ে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় সরাইল-লাখাই সড়কে পায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
স্থানীয়রা জানান, সরাইল-লাখাই সড়কের পাঠানপাড়া মোড়ে বেশ কিছু রেস্তোরাঁ গড়ে উঠেছে। সেখানে এরাবিয়ান ফুচকা হাউস নামে একটি প্রতিষ্ঠানে উপজেলার কুট্রাপাড়া এলাকার রাব্বি নামের এক যুবক খেতে যান ও খাওয়ার পর টিস্যু চান। তখন রেস্তোরাঁ স্টাফ জানান, টিস্যু শেষ হয়ে গেছে। এ নিয়ে তাদের দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। বিষয়টি সমাধান করতে এলে রেস্টুরেন্টের মালিক মুজিবুর রহমানের সঙ্গে রাব্বির হাতাহাতি হয়। সেই জেরে কুট্রাপাড়া ও পাঠানপাড়া দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সংঘর্ষের ফলে সরাইল-লাখাই আঞ্চলিক সড়কে রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সরাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।










