চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের মডার্ন সিনটেক্স নামে একটি কারখানায় কর্মবিরতি শুরু করেছেন শ্রমিকরা। চাকরি স্থায়ীকরণসহ ১৪ দফা দাবি আদায়ে গতকাল সকাল ১০টা থেকে কারখানার মূল ফটকে অবস্থান নেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিকরা।

কারখানা কর্তৃপক্ষ বলছে, তাদের দাবি-দাওয়ার বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধানের অনুরোধ জানানো হয়েছে। তবে শ্রমিকরা সে আহ্বানে সাড়া দেননি। আলোচনার মাধ্যমে দাবির যুক্তিসংগত দিকগুলো তুলে ধরলে সমাধানের চেষ্টা করা হবে।

এ ব্যাপারে মডার্ন সিনটেক্স কারখানার ব্যবস্থাপক (মানবসম্পদ) ইয়াসির আরাফাত বলেন, ‘গতকাল সকাল থেকে হঠাৎ করে কারখানার কিছু শ্রমিক কর্মবিরতি শুরু করেন। তারা কারখানার মূল ফটকে অবস্থান নেন। শ্রমিকরা তাদের দাবির যুক্তিসংগত দিকগুলো তুলে ধরলে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে।’

তবে আন্দোলনরত শ্রমিকরা জানান, মডার্ন সিনটেক্স কারখানা মূলত পলিয়েস্টার আঁকাটেক্সচার্ড সুতা (ডিটিওয়াই), পাকজেস্টার ফুলিদ্রসান ইয়াম (এফও), পলিয়েস্টার স্ট্যাপল ফবার (বিএসএফ) ও পলিথিন চিপস উৎপাদনকারী প্রতিষ্ঠান। দৈনিক প্রায় ৪৫০ টন উৎপাদন ক্ষমতার এ কারখানায় দিনে তিন ধাপে অন্তত ১ হাজার ৬০০ শ্রমিক কাজ করেন। কিন্তু কারখানা কর্তৃপক্ষ নিয়োগ দেয়ার সময় যেসব সুযোগ-সুবিধার আশ্বাস দিয়েছিল, তার কোনোটিই বাস্তবায়ন করছে না। তাই চাকরিতে ন্যায্য অধিকার পেতে ১৪ দফা দাবি আদায়ে কর্মবিরতি করছেন তারা।

আন্দোলনরত শ্রমিকদের প্রতিনিধি মোহাম্মদ আরাফাত বলেন, ‘আমাদের ১২ ঘণ্টা কাজ করিয়ে ৮ ঘণ্টার বেতন দেয় কারখানা কর্তৃপক্ষ। নিয়োগ দেয়ার সময় নির্দিষ্ট সময়ে নিয়োগপত্র দিয়ে চাকরি স্থায়ী করার কথা থাকলেও সেটি তারা এখনো করেনি। এটি ছাড়াও আমাদের সর্বনিম্ন বেতন ১৮ হাজার টাকা করা, বন্ধের দিন কাজ করলে দ্বিগুণ হাজিরা দেয়া, দুপুরে খাবারের ব্যবস্থা করা, সরাসরি কর্তৃপক্ষকে অভিযোগ দেয়ার সুযোগ দেয়া, ঈদের সময় কারখানা বন্ধ রাখা ও হয়রানি বন্ধ করাসহ ১৪ দফা দাবি জানিয়েছি। কর্তৃপক্ষ এসব দাবি না মানলে কর্মবিরতি অব্যাহত থাকবে।’

এ বিষয়ে জানতে অর্থনৈতিক অঞ্চল শিল্প পুলিশ থানার ওসি তপন সাহা বলেন, ‘গতকাল সকাল থেকে মডার্ন সিনটেক্স কারখানার শ্রমিকদের একটি অংশ কর্মবিরতি শুরু করেন। শিল্প পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। তবে কারখানা এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’