বান্দরবানে রুমা-বগালেক-কেওক্রাডং সড়কে দার্জিলিং পাড়ায় সড়ক দুর্ঘটনায়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীসহ তিন পর্যটক নিহত ঘটনায় মামলার পলাতক গাড়ি
চালককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বান্দরবান পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। এর আগে, সোমবার (৬জানুয়ারি) রাত সাড়ে আটটায় দিকে বান্দরবান সদরের ভরাখালী পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে মামলার একনং আসামি চাঁদের গাড়িটির ড্রাইভার মো. ইব্রাহিম খলিল প্রকাশ মিন্টু গ্রেফতার করে পুলিশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার ‘ভ্রমণ-কন্যা নামের একটি সংগঠনের ৫৭ জন
নারী পর্যটকের একটি দল বান্দরবান বেড়াতে আসেন। গত ১৯ জানুয়ারি স্থানীয় তিনটি পিকআপ
(চাঁদের) গাড়ি করে দলটি রুমার বগালেকে বেড়াতে যায়। পর দিন ২০ জানুয়ারি সকালে কেওক্রাডং
বেড়ানো শেষে ফেরার পথে দার্জিলিং পাড়া এলাকায় পৌঁছালে ১২জন নারী পর্যটক বহনকারী একটি
চাঁদের গাড়ি বেপরোয়া গতিতে চালানোর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে প্রায় ৫০০ ফুট
নিচে পাহাড়ি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান ঢাবির শিক্ষার্থী জয়নব খাতুন
ও ফিরোজা বেগম। এ ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আছিয়া খাতুন নামের আরো এক নারী পর্যটকের
মৃত্যু হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২১ জানুয়ারি রুমা থানার এসআই মো. আল
আমিন বাদী হয়ে গাড়িটির চালক মো. ইব্রাহিম খলিল প্রকাশ মিন্টু ড্রাইভার ও গাড়িটির
মালিক দিলীপ কুমার বড়ুয়ার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে একটি মামলা করেন।
পরে সোমবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটায় দিকে বান্দরবান সদর উপজেলার
ভরাখালী এলাকায় অভিযান চালিয়ে মামলার ১নং আসামি গাড়িটির চালক মো. ইব্রাহিম খলিল
প্রকাশ মিন্টুকে গ্রেফতার করে পুলিশ। অপর আসামীকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে
বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।










