ময়মনসিংহে কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে পড়ে মো. সজীব মিয়া (২৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (১১ মে) বিকাল ৪টার দিকে ময়মনসিংহ সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের মরাকুড়ি বাজারে এ ঘটনা ঘটে। মৃত সজীব মিয়া স্থানীয় ছনকান্দা গ্রামের বাসিন্দা মজিদ মিয়ার ছেলে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান জানান, বিকালে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে সে গাছের নিচে আশ্রয় নেয় ও ঝড়ে গাছ পড়ে তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সজীব মিয়ার প্রতিবেশী মো. আজাদ জানান, সজীব গরুর জন্য মাঠে ঘাস কাটতে মাঠে গেলে হঠাৎ ঝড় শুরু হয়। সে বড় গাছের নিচে আশ্রয় নিলে গাছটি উপড়ে গিয়ে সজীব চাপা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।










