বিএনপির ডাকা তিনদিনের অবরোধ কর্মসূচির
প্রথম দিন মানিকগঞ্জে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক ধাওয়া-পাল্টাধাওয়ার
ঘটনা ঘটেছে। এসময় ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। আহত হয়েছেন বিএনপির ১০ নেতাকর্মী। আটক হয়েছেন
জেলা বিএনপির সহসভাপতি ও পৌর বিএনপির সভাপতি।
আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে
সাতটার দিকে মানিকগঞ্জ পৌর এলাকার সেওতা মানরা এলাকায় এ ঘটনা ঘটে।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক আরিফ হোসেন
লিটন জানান, অবরোধ সমর্থনে বিএনপি নেতাকর্মীরা শান্তিপূর্ণ মিছিল বের করে। মিছিলটি
সেওতা হয়ে মানরা এলাকা দিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে উঠতে গেলে পুলিশ ধাওয়া করে। এ সময় বিএনপি
নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এক পর্যায়ে পুলিশ কয়েক
রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে বিএনপির ১০ নেতাকর্মী আহত হয়।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে জেলা বিএনপির
সহসভাপতি অ্যাডভোকেট আজাদ হোসেন খান, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহাম্মেদ যাদু,
জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক লিটন কসাইসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) আব্দুর রউফ সরকার বলেন, পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়েছে বিএনপি নেতাকর্মীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোড়া হয়েছে। ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা
হয়েছে।
এদিকে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের
নেতাকর্মীরা মানিকগঞ্জ শহরসহ ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন।
মোটরসাইকেলে মহড়াও দিচ্ছে তারা। সড়কে পুলিশ ও র্যাব টহল দিচ্ছে।










