নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবির ঘটনার দুইদিন পর নিখোঁজ কলেজ ছাত্রী রাহিমা আক্তারের (১৭) লাশ উদ্ধার করা হয়েছে। নগরীর নিতাইগঞ্জ এলাকা থেকে আজ সোমবার বিকেলে তার লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রাতে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর নৌ-থানার ওসি মো. মনিরুজ্জামান।
তিনি জানান, স্থানীয় লোকজন নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। তিনি আরও বলেন, উদ্ধারকৃত লাশটি নিখোঁজ রাহিমার স্বজনরা শনাক্ত করেছেন।
গত শনিবার বিকেলে রাহিমার বড়ভাই রায়হান তার স্ত্রীকে নিয়ে চাষাঢ়ায় ডাক্তার দেখাতে যাচ্ছিলেন। তাদের সঙ্গে রাহিমাও ছিলেন। পথে একটি বাল্কহেডের ধাক্কায় তাদের নৌকাটি ডুবে যায়। এ সময় রাহিমার ভাই ও ভাবি সাঁতার কেটে নদীর তীরে উঠতে পারলেও সে তলিয়ে যায়। এ ঘটনায় শুধু রাহিমা আক্তারই নিখোঁজ ছিল। অন্য কারো নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়নি।










