নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (৯ জুন) রাত সাড়ে ৮টায় সদর উপজেলার ইসদাইর এলাকায় ঢাকা থেকে নারায়ণগঞ্জমুখী ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, ইসদাইর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরনে ছিল কালো রঙের বোরকা।

ধারণা করা হচ্ছে, ওই নারী মানসিক বিকারগ্রস্ত ছিলেন। তার নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে।