রাজধানীর গুলশান লেকের ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও পরিবেশ অধিদপ্তর। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিশেষ নির্দেশনায় মঙ্গলবার (২২ অক্টোবর) এ অভিযান চালানো হয়।
অভিযানে লেক দখলের উদ্দেশ্যে অবৈধভাবে নির্মিত বিভিন্ন স্থাপনা, নার্সারি, টিনশেড রুম এবং লেকে বসানো বাঁশ ও জাল সরিয়ে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া (ইসিএ) ঘোষিত গুলশান-বারিধারা লেককে দখলমুক্ত করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান। এছাড়া পরিবেশ অধিদপ্তরের মনিটরিং ও এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার, রাজউক ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা এবং গুলশান সোসাইটির ভাইস প্রেসিডেন্ট ইসরাত জাহান উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ দূষণ রোধ এবং দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।









