টাঙ্গাইল পৌর শহরের পার্ক বাজারে মাছের আড়তের
দুটি দোকান ভাগাভাগিকে কেন্দ্র করে মাছ ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে বলে আদালতে স্বীকারোক্তিমূলক
জবানবন্দি দিয়েছেন তিন আসামি। গতকাল শুক্রবার (২৬ মে) টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
আদালতে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেস্কে জান্নাত রিপা ওই তিন আসামির জবানবন্দি
লিপিবদ্ধ করেন।
এর আগে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে
রাজু আহমেদ হাবলু, খোকন ও ওলিকে গ্রেফতার করে টাঙ্গাইল সদর থানা পুলিশ।
টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানবীর আহমেদ
জানান, গত শুক্রবার আদালত বন্ধ থাকায়ওই তিনজনকে বিশেষ ব্যবস্থায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
আদালতে তোলা হলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হন। পরে আদালতের বিচারক
মেস্কে জান্নাত রিপা তাদের জবানবন্দি লিপিবদ্ধ করেন।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) আবু ছালাম মিয়া জানান, গত ২৩ মে টাঙ্গাইল পৌর শহরের দিঘুলিয়া এলাকার মাছ ব্যবসায়ী
আলী আকবর বাপ্পীকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে পাড় দিঘুলীয়া শহীদ মিজানুর রহমান উচ্চ
বিদ্যালয়ের গেটের সামনে ফেলে রেখে যায়। এ ঘটনায় নিহতের মা আজিমন টাঙ্গাইল সদর থানায়
অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন। ২৫ মে রাতে পুলিশ তিনজনকে গ্রেফতার
করে। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দা উদ্ধার করা হয়।
স্বীকারোক্তিতে আসামিরা জানান, শহরের পার্ক বাজারের মাছের আড়তের দুটি দোকানের ভাগাভাগিকে কেন্দ্র করে বাপ্পীর সঙ্গে তাদের দ্বন্দ্ব হয়। এ ঘটনার জেরে রাজু, খোকন ও ওলি বাপ্পীকে হত্যার পরিকল্পনা করেন। পরে পরিকল্পনা মতো তারা বাপ্পীকে মোবাইল ফোনে পাড় দিঘুলীয়া শহীদ মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে ডেকে নেন। বাপ্পী আসা মাত্রই তিনজন তাকে কুপিয়ে হত্যা করেন।










