মানিকগঞ্জের সিংগাইরে পিকআপ ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত ও অপরজন মারাত্মক আহত হয়েছেন। আহত যুবক লাদেনকে সিংগাইর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- সিংগাইর উপজেলার ইতরা গ্রামের নূর হোসেনের ছেলে মো. বাঁধন (১৮) এবং সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের মৃত পাংকু মিয়ার ছেলে রাতুল হোসেন (২৫)।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম জানান, শুক্রবার (৮ নভেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে জেলার সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বলেন, দ্রুতগতির মোটর সাইকেলটিতে চালকসহ তিনজন ছিলেন। পিকআপ ভ্যানটি বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসছিল। পথিমধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলের চালক বাধন ঘটনাস্থলেই মারা যান। মারাত্মক আহতাবস্থায় অপর দুজনকে সিংগাইর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে রাতুলকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুরুতর আহতাবস্থায় সিংগাইরের ইতরা গ্রামের রকেট মিয়ার ছেলে লাদেন হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় পিকআপ ভ্যানের চালক ভ্যানটি রেখে পালিয়ে গেছেন।

মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে ওসি জানিয়েছেন।