ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে। সোমবার (১৯ আগস্ট) মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া রিটটি করেছেন।

রিটকারী আইনজীবী মু. আ র মুরাদ ভূঁইয়া বণিক বার্তাকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চাওয়া হয়েছে রিটে। এছাড়া জনস্বার্থে এ অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ তিন বছর করা, বিদেশে পাচারকৃত এগারো লাখ কোটি টাকা ফেরত আনতে, পলাতক স্বৈরশাসক শেখ হাসিনার নামে যেসব প্রতিষ্ঠান রয়েছে সেগুলোর নাম পরিবর্তন করতে, বিগত আওয়ামী লীগ আমলে পিএসসির চেয়ারম্যানসহ সব কর্মকর্তা, বিভাগীয় কমিশনার, ডিসি, ইউএনওসহ বাংলাদেশ পুলিশের বিভাগীয় কমিশনার, এসপি ও ওসিকে বদলি করতে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের জন্য রিটটি দায়ের করা হয়েছে।