নেত্রকোনার দূর্গাপুরে একটি পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে
উল্টে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় অন্তত ৩০ মাদ্রাসা ছাত্র আহত হয়েছে।
আজ বুধবার বেলা সাড়ে ১১টায় দূর্গাপুর-শ্যামগঞ্জ মহাসড়কের লক্ষ্মীপুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মাদ্রাসার ছাত্রের নাম হিমেল (১২)।
স্থানীয় ও বাসযাত্রীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ময়মনসিংহের
মুক্তাগাছা নন্দীবাড়ির দারুল উলুম আল ইসলামিয়া হাফিজুল কোরআন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীসহ
৭৩ জন যাত্রী নিয়ে একটি বাস সকালে দূর্গাপুরের বিরিশিরির উদ্দেশে রওনা দেয়। এদের মধ্যে
বেশিরভাগই শিশু। উপজেলার লক্ষ্মীপুর নামক স্থানে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের
পাশে ধানক্ষেত উল্টে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর মাদ্রাসায় প্রাথমিক
চিকিৎসার ব্যবস্থা করেন। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এদের
মধ্যে ঘটনাস্থলে মৃত্যু হয় হিমেলের।
দূর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবিরুল ইসলাম ঘটনার
সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার কাজ পরিচালনা করছেন।










