টাঙ্গাইলের কালিহাতীতে পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। আজ শুক্রবার ভোর ৬ টার দিকে টাঙ্গাইল- ময়মনসিংহ সড়কের কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কালিহাতী পৌরসভার উত্তর বেতডোবা গ্রামের আজান আলীর ছেলে ও অটো চালক রমজান আলী (৫৫) এবং উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের বীর বাসিন্দা গ্রামের রীনা (৩০)।
স্থানীয়রা জানান, ঘাটাইল উপজেলার হামিদপুর থেকে অটোরিকশাটি যাত্রী নিয়ে কালিহাতী বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে যাচ্ছিল। অপরদিক থেকে একটি পিকআপ হামিদপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কালিহাতী সদরের কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে পিকআপ অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে পিকআপ ও অটোরিকশার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় অটোরচালকসহ ঘটনাস্থলেই দুইজন নিহত এবং ৬ জন হয়। এরা সবাই অটোর যাত্রী ছিলো।
কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান জানান, ঘটনার পর পিকআপ চালক পালিয়ে গেছেন। তবে পিকআপ ও অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।










