অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী এক শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার (৩১ আগস্ট) স্থানীয় সময় ভোর ৬টার দিকে অস্ট্রেলিয়ার নিউক্যাসেল শহরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই শিক্ষার্থীর নাম মো. আদিব ফারহান (২০)। তিনি ফেনী জেলার ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের জগতপুর গ্রামের মোশাররফ হোসেন ওরফে সুমনের ছেলে। তিনি অস্ট্রেলিয়ার স্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত ছিলেন।
নিহতের পরিবার জানায়, আদিব ফারহান তার চার বন্ধুসহ রোববার ভোরে প্রাইভেটকারে নাস্তা করতে বেরিয়েছিলেন। পথে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে আদিব ফারহানসহ চার বন্ধু গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আদিব ও তার দুই বন্ধুকে মৃত ঘোষণা করেন। তার অপর দুই বন্ধু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত শিক্ষার্থীর চাচা আবুল হাসনাত স্বপন বলেন, গত ছয় মাস আগে উচ্চ শিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় যায় আদিব। পরিবারের বড় সন্তানের মৃত্যুর খবর শোনার পর থেকে তার মা-বাবা বারবার মোর্ছা যাচ্ছেন।
ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহরিয়া ইসলাম বলেন, স্থানীয়ভাবে লোকজনের মুখে দুর্ঘটনার বিষয়টি শুনেছি। নিহত পরিবারের পক্ষ থেকে মরদেহ দেশে আনার জন্য কোনো সহয়তা প্রয়োজন হলে সংশ্লিষ্ট দেশের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।










