বরিশালের ব্যবসায়ীরা জাপানে কমপক্ষে ১ লাখ মার্কিন ডলার সমমূল্যের পণ্য বা সেবা রফতানি করলেই সর্বোচ্চ ৫ শতাংশ সুদে ঋণ পাবেন। এ ঋণ দিয়ে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের ব্যবসার অধিকতর সম্প্রসারণ ঘটাতে সহায়তা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের।
গতকাল নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগের FDIPP Implementation Unit-এর তত্ত্বাবধানে সরাসরি বৈদেশিক বিনিয়োগ উন্নয়নের ওপর বিশেষ সচেতনতা বৃদ্ধির বিষয়ে এ সেমিনার হয়।
ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের আরো বলেন, ‘শর্ত পূরণকারী উদ্যোক্তা বা ব্যবসায়ীদের পিএফআইভুক্ত তফসিলি ব্যাংকের মাধ্যমে বার্ষিক সর্বোচ্চ ৫ শতাংশ সুদে ঋণ দেয়া হচ্ছে। বরিশাল অঞ্চলের যেসব উদ্যোক্তা বা ব্যবসায়ী জাপানে বিভিন্ন পণ্য বা সেবা রফতনি করছেন তাদের এ প্রকল্পের আওতায় আনা হবে। ফলে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন বরিশালের ব্যবসায়ীরা।’










