‘‌উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণিবিদ্যা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী প্রজাপতি মেলা। মেলার উদ্বোধক ও বিশ্ববিদ্যালয়ের  উপ-উপাচার্য অধ্যাপক মনজুরুল হক প্রজাপতিকে ‘ভালোবাসার প্রতীক’ হিসেবে আখ্যায়িত করেছেন।

গতকাল শুক্রবার (২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মনজুরুল হক। উদ্বোধন শেষে জহির রায়হান মিলনায়তন থেকে একটি র‌্যালি বের হয়ে শহীদ মিনার ঘুরে মিলনায়তনের সামনে এসে শেষ হয়।

এবারের মেলায় প্রজাপতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য তরুণপল্লব সংগঠনকে ‘বাটারফ্লাই অ্যাওয়ার্ড ২০২২’ দেওয়া হয়। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী দীপ্ত বিশ্বাস পেয়েছেন ‘বাটারফ্লাই ইয়াং ইনথুসিয়াস্ট অ্যাওয়ার্ড ২০২২’।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে মেলা প্রাঙ্গনে শিশুদেরকে নিয়ে প্রজাপতি বিষয়ক ছবি আঁকা ও কুইজ প্রতিযোগিতা, প্রজাপতি বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী ও আলোকচিত্র প্রতিযোগিতা, প্রজাপতির আদলে ঘুড়ি উড়ানো ইত্যাদি প্রদর্শন করা হয়।

উদ্বোধনী বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক মনজুরুল হক বলেন, আমরা প্রজাপতিকে ভালোবাসি। এটা প্রকৃতিতে শুধু সৌন্দর্য্য দেয় না। পরাগায়নের মাধ্যমে ফুল ফোটাতে এবং ফল উৎপাদনে সাহায্য করে। বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ দীর্ঘদিন ধরে প্রজাপতি সংরক্ষণে সচেতনতায় কাজ করছে। এটা খুবই প্রশংসনীয়। প্রাণ-প্রকৃতি রক্ষায় প্রজাপতির গুরুত্ব অপরিসীম।

আয়োজকরা জানান, আগে জাহাঙ্গীরনগরে ১২০ প্রজাতির প্রজাপতি পাওয়া গেলেও বর্তমানে ৫২ প্রজাতির প্রজাপতি পাওয়া যায়। সারাদেশে যত প্রজাতির প্রজাপতি পাওয়া যায় তার এক-চতুর্থাংশ পাওয়া যেত এ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আজকে তার পরিমাণ অর্ধেকের বেশি কমে গিয়েছে।