ময়মনসিংহের গৌরীপুরে প্রথমবারের মতো পরীক্ষামূলক রঙিন ফুলকপি চাষ করে সফলতা পেয়েছে কৃষি বিভাগ। ভালো ফলনের পাশাপাশি ভালো দামও পাওয়া যাচ্ছে নতুন জাতের এ ফুলকপির। গৌরীপুরে শহীদুল্লাহ নামে এক কৃষক প্রথমবারের মতো রঙিন ফুলকপি চাষ করে ২ লাখ টাকা বিক্রি করেছেন।
কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, বৃহত্তর ময়মনসিংহে ফসলের নিবিড়তা বাড়ানো লক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুরে চলতি শীত মৌসুমে রঙিন ফুলকপি পরীক্ষামূলকভাবে চাষের উদ্যোগ নেয়া হয়। প্রথম দিকে স্থানীয় কৃষক আগ্রহ দেখাননি। পরে আগ্রহ দেখান গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের তাঁতকুড়া গ্রামের কৃষক মো. শহীদল্লাহ। নভেম্বরে উপজেলা কৃষি অফিস থেকে রঙিন ফুলকপির চারা, জৈবসার, কীটনাশক ও প্রয়োজনীয় পরামর্শ নিয়ে বাড়ির পাশে সাধারণ ফুলকপি চাষের পাশাপাশি ২০ শতক জমিতে রঙিন ফুলকপি ও পাঁচ শতক জমিতে রঙিন বাঁধাকপি চাষ করেন। ৪০ হাজার টাকা খরচ করে চারা রোপণের পর থেকে ৮০ দিনের মধ্যে ফসল উত্তোলন করেন কৃষক শহীদল্লাহ। সাধারণ ফুলকপি প্রতি পিস ২০-২৫ টাকা দরে বিক্রি হলেও রঙিন ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস বিক্রি করেন ৬০-৭০ টাকায়।
গৌরীপুর উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন জলি বলেন, ‘সাদা ফুলকপির চেয়ে রঙিন ফুলকপির পুষ্টিগুণ বেশি। এ অঞ্চলে এবারই রঙিন ফুলকপি প্রথম চাষাবাদ হয়েছে। বীজ রোপণের পর থেকে উত্তোলন পর্যন্ত কৃষক শহীদুল্লাহর সঙ্গে যোগাযোগ রেখে সার্বিক পরামর্শ দিয়েছি। এখন অন্য কৃষকও যোগাযোগ করছে রঙিন ফুলকপি চাষাবাদের জন্য।’










