শারদীয় দুর্গোৎসব ও পরবর্তী সময় সংঘটিত সাম্প্রদায়িক হামলা এবং পররাষ্ট্রমন্ত্রীর একপেশে বক্তব্যের প্রতবাদে পটুয়াখালীতে মানববন্ধন ও ধিক্কার মিছিল করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। গতকাল বেলা ১১টায় জেলা শহরের লঞ্চঘাট চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি চলাকালে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের পটুয়াখালী জেলা শাখার সভাপতি অতুল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক গৌতম কর্মকার ও সমীর কর্মকার বক্তব্য রাখেন। পরে ধিক্কার মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় লঞ্চঘাট চত্বরে এসে শেষ হয়।
কলাপাড়ায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, কেক কাটা ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল সকালে উপজেলার মহিপুর থানা যুবলীগ এ অনুষ্ঠানের অয়োজন করে।
মহিপুর থানা যুবলীগের আহ্বায়ক মো. মিজানুর রহমান বুলেট আকনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন মহিপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল মালেক আকন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাওলাদার, যুবলীগ নেতা জিল্লুর রহমান কিশোর প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহিপুর থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা।










