ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেল সেতুতে ধাক্কা লেগে মেঘনা নদীতে তলিয়ে গেছে পণ্যবোঝাই একটি বাল্কহেড। গতকাল ভোরে আশুগঞ্জ-ভৈরব দ্বিতীয় রেল সেতুর ২ নম্বর পিলারের সঙ্গে এমভি রিফাত ইসলাম নামে বাল্কহেডটির ধাক্কা লাগে। এতে বাল্কহেডটির মাঝখান দিয়ে ভেঙে নদীতে তলিয়ে যায়।
ভৈরব নৌ-পুলিশের ওসি মো. রাশেদুজ্জামান জানান, ভোরে মেঘনা নদী দিয়ে সিলেট থেকে ছেড়ে আসা সিলেকশন পাথরবাহী একটি বাল্কহেড ঢাকার দিকে যাচ্ছিল। পথে আশুগঞ্জ-ভৈরব রেল সেতুর পিলারের সঙ্গে বাল্কহেডটির ধাক্কা লাগে। এর কিছুক্ষণের মধ্যেই বাল্কহেডটি তলিয়ে যায়। এতে কেউ হতাহত হননি বা কেউ নিখোঁজ নেই। ডুবে যাওয়া বাল্কহেডটি উদ্ধারের চেষ্টা করছেন বিআইডব্লিউটিএর সদস্যরা।










