খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলার চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গল পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বিভিন্ন সুত্রে জানা গেছে, নিহত তিনযুবক সন্তু লারমা সমর্থিত জেএসএস থেকে দলছুট হয়ে স্বাভাবিক জীবন যাপন করছিলেন। সকালে বাড়ি থেকে বের হয়ে স্থানীয় বাজার থেকে টমটমে করে ফেরার পথে ঐ তিন যুবককে আগে থেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষের সন্ত্রাসীরা গুলি করে। এতে তারা ঘটনাস্থলেই নিহত হন। তবে এ ঘটনায় কারা জড়িত কিংবা আঞ্চলিক চারটি সংগঠনের সম্পৃক্ততা রয়েছে কিনা তা পরিষ্কার নয়। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনার বিষয়ে ইউপিডিএফ (মূল) ও জেএসএসের (মূল) কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবাদমান দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে তিনজন নিহত হয়েছেন। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ফেরার পর বিস্তারিত জানা যাবে।










