বান্দরবানের থানচি উপজেলার থানচি বাজারে
৫৫টি দোকান ও ঘর পুড়ে গেছে। আজ শনিবার (২৫ মার্চ) সকালে আগুনের এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের
প্রায় তিন ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সকাল ৮টায় আগুনের সূত্রপাতের পর পুরো বাজারে
ছড়িয়ে পড়ে। পরে বেলা ১১টা নাগাদ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনে থানচি ফায়ার সার্ভিস। ক্ষয়ক্ষতির
পরিমাণ জানতে তদন্ত চালাচ্ছে ফায়ার সার্ভিসসহ স্থানীয় প্রশাসন।
এ ঘটনার দুই দিন আগে গত ২২ মার্চ সকালে
উপজেলার বলীপাড়া ইউনিয়নের বলী বাজারে এক অগ্নিকাণ্ডে ৫৭টি দোকান পুড়ে গেছে।
থানচি ফায়ার সার্ভিস স্টেশনের লিডার পেয়ার
মোহাম্মদ আজ বণিক বার্তাকে বলেন, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে ৫৫টি দোকান ঘর পুড়ে গেছে।
একটি দোকানের গ্যাস সিলিন্ডার হতে আগুনের সুত্রপাত। এ সময় কয়েকটি দোকান থেকে কিছু কিছু
মালামাল নিরাপদ দূরত্বে সরানো হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে ফায়ার সার্ভিসসহ উপজেলা
প্রশাসন ও পুলিশের যৌথ তদন্ত চলমান রয়েছে।
আরো জানান, থানচি বাজারে এক ছাউনির নিচে
ছিল দোকান ও ঘর। সেখানে ছাউনির সামনের অংশে দোকান ও পেছনে ছিল বসতবাড়ি।










