যুক্তরাষ্ট্র আরো ৩০ দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের সেক্রেটারি ক্রিস্টি নোয়েম। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ফক্স নিউজে দেয়া এক সাক্ষাৎকারে এমন ইঙ্গিত দিয়েছেন তিনি। খবর রয়টার্স।
সাক্ষাৎকারে নোয়েমকে জিজ্ঞেস করা হয়— প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কি নিষেধাজ্ঞার তালিকায় দেশের সংখ্যা বাড়িয়ে ৩২ এ নিচ্ছে? জবাবে তিনি বলেন, সংখ্যাটা নির্দিষ্ট করে বলবো না, তবে এটা ৩০-এর বেশি। প্রেসিডেন্ট আরো কিছু দেশ নিয়ে মূল্যায়ন করছেন।
নোয়েম বলেন, যেসব দেশে স্থিতিশীল সরকার নেই বা যেসব দেশ নিজেদের নাগরিকদের যথাযথভাবে শনাক্ত করতে পারে না, তাদের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া ঠিক নয়। তিনি বলেন, যদি তারা নিজেদের মানুষকে শনাক্ত করতে না পারে, তাহলে কেন আমরা তাদের যুক্তরাষ্ট্রে আসতে দেব?
চলতি বছরের জুনে ট্রাম্প একটি ঘোষণা জারি করেন, যেখানে ১২টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা এবং আরো ৭টি দেশের ওপর ভ্রমণ সীমাবদ্ধতা আরোপ করা হয়। সুরক্ষা ও বিদেশী সন্ত্রাসী হুমকি মোকাবেলার যুক্তিতে এসব পদক্ষেপ নেয়া হয়। নিষেধাজ্ঞা অভিবাসী, পর্যটক, শিক্ষার্থী ও ব্যবসায়ী—সব ধরনের ভ্রমণকারীর ক্ষেত্রে প্রযোজ্য।
রয়টার্সের আগের এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসন আরো ৩৬টি দেশকে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করার কথা বিবেচনা করছে— যা একটি অভ্যন্তরীণ স্টেট ডিপার্টমেন্ট নথিতে উল্লেখ ছিল।তালিকা সম্প্রসারণ হলে এটি হবে গত সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে দুই ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি করে হত্যার ঘটনার পর অভিবাসন-বিষয়ক পদক্ষেপের আরও একটি বড় ধাপ।










