পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বিশ্ব খাদ্য
কর্মসূচির (ডব্লিউএফপি) বাংলাদেশ প্রতিনিধি ডোমেনিকো স্কালপেলি সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার (২১ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে
এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ডব্লিউএফপি প্রতিনিধির সঙ্গে খাদ্য ব্যবস্থাপনা নিয়ে
বিশদ মতবিনিময় করেন পররাষ্ট্রমন্ত্রী।
দেশে উৎপাদিত শস্য ও খাদ্য গ্রহণে মানুষকে উৎসাহিত করা ও জনসচেতনতা
বাড়াতে বিশ্ব খাদ্য কর্মসূচির প্রতিনিধিকে সেমিনার ও উদ্বুদ্ধকরণ
কর্মসূচি হাতে নেয়ার আহ্বান জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বের সর্বোচ্চ জনঘনত্ব আর সর্বনিম্ন মাথাপিছু
জমির বাংলাদেশে খাদ্যশস্যে স্বয়ংসম্পূর্ণতা ও খাদ্য নিরাপত্তা বজায় রাখতে আবাদযোগ্য
জমির সর্বোচ্চ ব্যবহারের বিকল্প নেই। মালিকানা চিহ্নিত করতে জমির মধ্যে ‘আল’ দেয়ায়
বহু জমি চাষের আওতা থেকে বাদ পড়ে যায়। এ ক্ষতির হাত থেকে রক্ষার বিষয়েও তিনি ডব্লিউএফপিকে
উদ্ভাবনী পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন।
ডব্লিউএফপির প্রতিনিধি ডোমেনিকো স্কালপেলি বিষয় দুটিতে সর্বোচ্চ গুরুত্ব
দেবেন বলে জানান। এ সময় তিনি মন্ত্রীকে বিদ্যালয় পর্যায়ে ও রোহিঙ্গাদের জন্য তার সংস্থার
খাদ্য কর্মসূচির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ২০১১ সাল থেকে পরিচালিত স্কুল ফিডিং
প্রোগ্রাম ও পরবর্তীতে রোহিঙ্গাদের জন্য ডব্লিউএফপির খাদ্য সহায়তা কর্মসূচির প্রশংসা
করেন।










