শেরপুরের শ্রীবর্দীতে বিদ্যুত্স্পৃষ্টে একটি বুনোহাতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর রাতে উপজেলার মালাকুচা গ্রামে কৃষক আমীর আলীর বাড়ির চারপাশে পাতা বিদ্যুতের ফাঁদে জড়িয়ে হাতিটির মৃত্যু হয়। মৃত ওই পুরুষ হাতিটির বয়স ২৫-৩০ হতে পারে বলে বন বিভাগ সূত্রে জানা গেছে। খবর পেয়ে বন বিভাগের বালিঝুড়ি রেঞ্জের কর্মকর্তা মো. রবিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন ও হাতির প্রাথমিক সুরতহাল পরীক্ষা শেষে ময়নাতদন্তের জন্য নমুনা সংগ্রহ করেন।
হাতির মৃত্যুর বিষয়ে বালিঝুড়ির রেঞ্জ কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, হাতি মৃত্যুর খবর পেয়ে ভোরেই ঘটনাস্থলে গিয়ে সুরতহাল ও নমুনা সংগ্রহ করেছি। প্রাথমিক সুরতহাল রিপোর্টে ধারণা করা হচ্ছে, হাতিটি বিদ্যুতায়িত হয়ে মারা গেছে। তবে চূড়ান্ত তথ্য ময়নাতদন্তের পর জানা যাবে। এছাড়া এ বিষয়ে শ্রীবর্দী থানায় নিয়মিত মামলা দায়ের করা হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, এক মাস ধরে শেরপুর জেলার সীমান্তবর্তী গারো পাহাড় এলাকার মানুষ বুনোহাতির উপদ্রবে অতিষ্ঠ। হাতির পাল বন বিভাগের জমিতে কিছু অবৈধ সবজি বাগান সাবাড় করে লোকালয়ে এসে মানুষের বিভিন্ন ফসলের ক্ষেত বিনষ্ট করে। এতে স্থানীয় গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে ওঠে। গভীর জঙ্গলে হাতির বিচরণস্থলে ইটপাটকেল ও লাঠিসোটা নিয়ে শুরু করে হামলা। দিনব্যাপী সীমান্তবাসীর কাজই যেন হয়ে ওঠে হাতি তাড়ানোর কাজ। এসবের পাশাপাশি জেনারেটর ও বিদ্যুতের তার দিয়ে বনের ভেতর ফাঁদ পাতা শুরু হয়।










