চট্টগ্রাম নগরীর নিউমার্কেট এলাকায় বিক্ষোভকারী পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের সংঘর্ষ চলছে। আজ রোববার (৪ আগস্ট) সকাল থেকে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ চললেও সোয়া ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর সিটি কলেজের দিক থেকে হামলা শুরু করে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। পুলিশ এসে টিয়ারশেল, সাউন্ডগ্রেনেড ছুড়ে শিক্ষার্থীদের বিভিন্ন দিকে ছত্রভঙ্গ করে দেয়। পরবর্তীতে কাজিরদেউরি, কদমতলীসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে যায় বিক্ষোভকারীরা। নিউমার্কেট এলাকার সংঘর্ষে ৮-১০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
একই স্থানে আজ বেলা একটায় অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।
এদিকে দুই পক্ষের কর্মসূচির সময় কর্মসূচিস্থলে সকাল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি চোখে পড়েনি। নিউমার্কেট এলাকায় সকালে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। এ এলাকার বিপণিবিতানসহ রিয়াজউদ্দিন বাজারের কোনো ব্যবসা প্রতিষ্ঠান খোলা হয়নি। গতকাল শনিবার (৩ আগস্ট) নিউমার্কেট চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা অবস্থান নিয়েছিলেন। প্রায় পৌনে তিন ঘণ্টা অবস্থানের পর বিক্ষোভ মিছিল বের করেছিলেন বিক্ষোভকারীরা।
এদিকে দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর বহদ্দারহাট মোড়ে বিপুল সংখ্যক পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিল।
নিউমার্কেট এলাকার পর নগরীর কাজিরদেউরি এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় আওয়ামীলীগের বিভিন্ন সংগঠনকে মিছিল করতে দেখা যায়।
নগরীর চকবাজার মোড়েও স্থানীয় ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা লাঠিসোঠা নিয়ে অবস্থান দেন। সড়কজুড়ে যানবাহনের উপস্থিতি ছিল খুবই কম।










