নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার চরহাইজদা স্থায়ী বাঁধ ভেঙে ডিঙ্গাপোতা হাওরে পানি প্রবেশ করতে শুরু করেছে। বাঁধটি ভেঙে যাওয়ায় মদন আটপাড়া বারহাট্রাসহ বিভিন্ন এলাকায় পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। এতে উচু জমির ফসলও নষ্ট হতে পারে। এ বাঁধ ভাঙার জন্য মত্স শিকারি ও ট্রলার চালকদের দায়ী করছেন স্থানীয়রা।
নেত্রকোণার হাওরাঞ্চলের ধান এরই মধ্যে ৯৫ ভাগ কাটা হলেও এখনো উচু জমিতে কয়েক হাজার হেক্টর জমির আধাপাকা ধান রয়েছে। ফসল রক্ষায় বাঁধগুলো মেরামতে সার্বক্ষণিক চেষ্টা চালিয়েও দুশ্চিন্তা কাটেনি হাওরবাসীর। এর আগে দুই দফা পানি বাড়লেও বাধেঁর কোনো ক্ষতি হয়নি। ফলে পানি কমতে থাকে। কিন্তু এ সময়ে বাধেঁর কিছু অংশ ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে মত্স শিকারী ও ট্রলার চালকদের বিরুদ্ধে।
বাঁধ ভেঙে যাওয়ার খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসনসহ স্থানীয় কৃষকরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কৃষি বিভাগের তথ্যমতে, এ বছর জেলায় ১ লাখ ৮৪ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। আবাদের ৩৫ ভাগ ধান কাটা হয়েছে। তবে জেলার হাওর এলাকায় ৯৫ ভাগ ধান কাটা প্রায় শেষ হওয়ায় ফসলের কোনো ক্ষতি হবে না বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এম এল সৈকত।
উপজেলার গাগলাজুর ইউনিয়নের ৫ দশমিক ৩ কিলোমিটারের একমাত্র স্থায়ী বাধঁ চরহাইজদা। হাওরের ফসল রক্ষায় এটি র্নিমাণ করা হয় ২০২০-২১ অর্থবছরে।










