নারায়ণগঞ্জের সোনারগাঁও সরকারি কলেজে পানির মোটরের বৈদ্যুতিক লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন মিস্ত্রি মারা গেছেন। বিদ্যুৎস্পৃষ্টে আরো একজন আহত হয়েছেন। আজ সোমবার (৭ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের নাম আমির হোসেন (৪৫)। তিনি সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দমদমা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। আহত শরীফ একই এলাকার সুরুজ্জামানের ছেলে।
সোনারগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কালাম বলেন, কলেজের পানির মোটরের লাইনে বিদ্যুতের কাজ করছিলেন দুই মিস্ত্রি। এ সময় তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই আমির হোসেন মারা যান। শরীফ গুরুতর আহত হলে তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পরপরই থানা পুলিশকে জানানো হয়েছে।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে।
ওসি আরো জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে মরদেহটি বিনা ময়নাতদন্তে হস্তান্তরের আবেদন করা হয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।










