নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীর সুমিলপাড়ার বিহারিক্যাম্পে পুলিশের অভিযানে এসআইয়ের ওপর হামলা মামলার আসামিদের গ্রেফতারের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বিহারিরা। এ সময় পুলিশ-র্যাব সদস্যদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। আজ সোমবার সকাল ৮টায় সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকায় এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল রোববার দিবাগত মধ্যরাত থেকে আজ সোমবার ভোর পর্যন্ত পুলিশ আদমজীর সুমিলপাড়া এলাকার ক্যাম্পে অভিযান চালিয়ে পুলিশ অন্তত ৩২ জনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদে ভোর থেকে সিদ্ধিরগঞ্জ থানা কার্যালয়ের সামনে ও আশপাশে অবস্থান নেয় গ্রেফতারকৃতদের আত্মীয়-স্বজনসহ বিহারীরা। একই সময় বিহারিরা আদমজী ইপিজেডের প্রবেশ পথগুলোতে অবস্থান নিয়ে ব্যারিকেড সৃষ্টি করে। তারা এ সময় ইপিজেডে কোনো যানবাহন ঢুকতে দেয়নি। সকাল ৮টায় তারা সিদ্ধিরগঞ্জ থানা কার্যালয়ের আশপাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। পরে নারায়ণগঞ্জ-আদমজী ইপিজেড-শিমরাইল সড়কে অবরোধ করে রাখে। এতে এ সড়ক যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় পুলিশের পক্ষ থেকে বলা হয় অভিযানে যদি কোন নিরাপরাধ লোকজনকে আটক করা হয়ে থাকে আলোচনার মাধ্যমে তাকে ছেড়ে দেয়া হবে।
কিন্তু বিক্ষোভকারীরা দাবি করতে থাকে সবাইকে ছেড়ে দিতে হবে।। এ নিয়ে পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন আন্দোলনরত বিহারিরা। এক পর্যায়ে সকাল ৯টার দিকে পুলিশ ও র্যাব তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেন। এ সময় পুলিশ ও র্যাবের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় চলে ধাওয়া পাল্টাধাওয়া। এক পর্যায়ে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। পুলিশ লাঠিচার্জ, টিয়ার সেল ও শর্টগানের গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। আন্দোলনকারীরা বিভিন্ন অলি-গলিতে আশ্রয় নেয়। এ সময় পুলিশ তাদেরকে ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সকাল সাড়ে ৯টার দিকে সড়কে যানবাহন চলাচল শুরু করে। সংঘর্ষের সময় সুমিলপাড়া, নতুন বাজার ও আদমজী মেইনগেটসহ আশপাশের এলাকার সকল দোকানপাট বন্ধ হয়ে যায়। আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সড়ক অবরোধের কারণে নারায়ণগঞ্জ-আদমজী ইপিজেড-শিমরাইল সড়কে যানজট আটকে পড়লে স্কুল-কলেজের শিক্ষার্থী, আদমজী ইপিজডেসহ আশপাশের মিল-কারখানার শ্রমিক ও যাত্রীদের চরম দুর্ভোগ পেহাতে বাধ্য হয়।
স্থানীয় সাংবাদিকরা জানায়, সংঘর্ষের সময় বিহারীরা কয়েকজন সাংবাদিকদের সঙ্গেও খারাপ আচরণ করে। নতুন বাজার এলাকার বাসিন্দা সাইফুল জানান, র্যাব-পুলিশ ও বিহারীদের সংঘর্ষের কারণে এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। অনেকেই এ সময় বাড়িঘরে আশ্রয় নেয়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. মশিউর রহমান জানান, পুলিশের ওপর হামলা মামলার আসামি ও মাদক কারবারি ও বিভিন্ন মামলার ওয়ারেন্টের আসামিসহ ৩২ জনকে গ্রেফতার করা হয়। এর প্রতিবাদে গ্রেফতারকৃতদের আত্মীয়-স্বজনরা স্থানীয় লোকজন সড়ক অবরোধ করে। মূলত বিহারীরাই সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। পরে তাদেরকে সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করলে তারা পুলিশের প্রতি ইট নিক্ষেপ করতে থাকে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫০ রাউন্ড টিয়ার গ্যাস সেল ও শতাধিক শর্টগানের ফাঁকা গুলি ব্যবহার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
উল্লেখ্য, শুক্রবার জুমার নামাজের সময় আদমজী শাহী মসজিদে সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হকের উপর হামলার ঘটনার মামলার আসামিদের গ্রেফতারের জন্য রোববার দিবাগত রাতে বিহারী ক্যাম্পে অভিযান চালানো হয়। শনিবার সিদ্ধিরগঞ্জ থানার উপ- পরিদর্শক (এসআই) মির্জা শহিদুল ইসলাম বাদী হয়ে ৫০ জনের নাম উল্লেখ করে ১২০-১২৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। এই মামলার আসামি ধরতেই রোববার দিবাগত রাতে অভিযান চালায় পুলিশ।










