নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামে এ ঘটনা ঘটে। আজ রোববার সকালে বাড়ির পাশ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত শিশুটির নাম সায়েদা আক্তার। সে ওই গ্রামের মো. দিলু মিয়ার মেয়ে। ময়নাতদন্তের জন্য মরদেহটি নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।  

পুলিশ জানায়, আজ সকালে সায়েদা আক্তারের মরদেহ বাড়ির পাশে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলার আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। তার শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। কে বা কারা শিশুটিকে হত্যা করেছে এখনো নিশ্চত নয় পুলিশ।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান জানান, নিহত শিশুটির পরিবারের সঙ্গে প্রতিবেশী ইউসুফ মিয়াদের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। তবে কারা হত্যা করেছে বিষয়টি জানা যায়নি। ঘটনার সত্যতা বের করার জন্য চেষ্টা চালানো হচ্ছে। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।