রংপুরের বদরগঞ্জে যমুনেশ্বরী নদীতে গোসল করতে নেমে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার লহ্মণপুর গ্রামের আফতাব হোসেনের ছেলে আলিফ হোসেন (১২) এবং নবাবগঞ্জ উপজেলার শিমুলবাড়ি গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে মেহেদী হাসান সিয়াম (১৩)। তারা দুজনেই বদরগঞ্জের জামিয়াতুস সুন্নাহ দারুল উলুম মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী।

সোমবার (৭ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেন বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আতিকুর রহমান। ওসি জানান, রোববার আশুরার ছুটির দিন মাদ্রাসায় পাঠদান বন্ধ ছিল। বড় শিক্ষার্থীরা বাইরে ছিল, আর ছোটরা খেলাধুলায় ব্যস্ত ছিল। এ সময় আলিফ ও সিয়াম মাদ্রাসার দেয়াল টপকে বাইরে চলে যায় এবং পাকারমাথা রেলসেতুর পাশে যমুনেশ্বরী নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করে। দুই শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।