নড়াইল মূলত কৃষিপ্রধান জেলা। ৯৬৮ বর্গকিলোমিটারের এ জেলায় প্রায় আট লাখ মানুষের বসবাস। বিল ও ঘেরবেষ্টিত জনপদের মানুষের জীবিকার প্রধান উৎস কৃষি ও মৎস্য চাষ। বিসিক শিল্প নগরীবিহীন এ জেলায় ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও তেমন কোনো শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠেনি। বেশ কয়েক বছর ব্যক্তি উদ্যোগে বেকার যুবকরা বর্ষা মৌসুমে অস্থায়ী খামারে হাঁস পালন করছেন। বছরে ছয় মাস হাঁস পালন করে সচ্ছলতায় ফিরছেন খামারিরা।

উদ্যোক্তারা বলছেন, বছরে ছয় মাস খামারিরা হাঁস পালন করে ২-১০ লাখ আয় করছেন। অল্প খরচে লাভ বেশি হওয়ায় প্রতি বছর খামারের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি ডিম উৎপাদনও বাড়ছে। জেলায় প্রতি বছর সাড়ে তিন কোটি হাঁসের ডিম উৎপাদন হয়। এর মধ্যে প্রায় দেড় কোটি ডিম উৎপাদন করছে বিল অঞ্চলের মৌসুমি খামারিরা।

সদর উপজেলার শোলপুর গ্রামের মো. হাদিউজ্জামান একসময় কৃষিকাজ করে সংসার চালাতেন। কৃষিকাজে তেমন লাভ না হওয়ায় বন্ধুর পরামর্শে পাঁচ বছর আগে বর্ষা মৌসুমে শুরু করেন হাঁসের খামার। প্রথম বছরে মাত্র ২০০ হাঁস দিয়ে খামার শুরু করেন। লাভ ভালো হওয়ায় প্রতি বছর খামারে হাঁসের সংখ্যা বাড়িয়েছেন। বর্তমানে তার খামারে হাঁসের সংখ্যা ৫০০টিতে দাঁড়িয়েছে। প্রতিদিন খামার থেকে প্রায় ৪০০ ডিম উৎপাদন হচ্ছে।

শুধু হাদিউজ্জামান নন, লোহাগড়া, কালিয়া এবং সদর উপজেলার শোলপুর, ইছামতী, কলোড়ার বিল, দুধপাতলের বিল, পাটেরশরীসহ ১২টি বিলের আশপাশের অন্তত ১৫০ কৃষক ও যুবক অস্থায়ী খামার গড়ে তুলেছেন।

শোলপুর গ্রামের খামারি মো. জিহাদ বলেন, ‘প্রতিবেশী ভাইদের দেখে তিন বছর আগে ২০০ হাঁস নিয়ে খামার শুরু করেছিলাম। প্রথম বছর থেকেই ভালো লাভ পেয়েছি। এজন্য প্রতি বছর খামারে হাঁসের সংখ্যা বাড়িয়েছি। বর্তমানে খামারে হাঁসের সংখ্যা ১ হাজার। আশা করছি এ বছর ৫-৬ লাখ টাকা লাভ হবে।’

জেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, প্রতি বছর নড়াইলে সাড়ে তিন কোটি হাঁসের ডিম উৎপাদন হয়। যার বাজার দাম প্রায় ৫২ কোটি টাকা। এর মধ্যে দেড় কোটিরও বেশি ডিম উৎপাদন হয় অস্থায়ী খামার থেকে। ছয় মাসে ২৫ কোটি টাকার ডিম উৎপাদন করেন বিল অঞ্চলের খামারিরা।

এ ব্যাপারে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সিদ্দীকুর রহমান বলেন, ‘বিল এলাকায় হাঁস পালন করলে খামারিরা বেশি লাভবান হন। খাবারের জন্য বাড়তি খরচের প্রয়োজন হয় না। হাঁসের মাংস ও ডিম উৎপাদন বাড়ানোর জন্য খামারিদের প্রশিক্ষণ, কারিগরি সহযোগিতা ও ভ্যাকসিনসহ বিভিন্ন ধরনের সহযোগিতা করা হচ্ছে।’