চলমান ইউক্রেন-রাশিয়া যুদ্ধের বর্তমান পরিস্থিতি সমাজতান্ত্রিক বিপ্লবের মধ্য দিয়ে সাম্রাজ্যবাদ অবসানের ভিত্তিভূমি হতে পারে বলে মনে করেন জার্মানির মার্ক্সবাদী-লেনিনবাদী পার্টির অন্যতম নেত্রী কমরেড মনিকা গার্টনার এঙ্গেল। তিনি বিশ্বের ৪২টি দেশের কমিউনিস্ট ও বিপ্লবী পার্টির আন্তর্জাতিক ফোরাম ‘ইন্টারন্যাশনাল কো-অর্ডিনেশন অব রেভল্যুশনারি পার্টিস অ্যান্ড অর্গানাইজেশনেরও (আইসিওআর) প্রধান সমন্বয়ক। আজ রোববার (১৮ ডিসেম্বর) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ‘দি ইউক্রেন ওয়ার অ্যান্ড দি ওপেন ক্রাইসিস অব দি ইম্পেরিয়ালিস্ট ওয়ার্ল্ড সিস্টেম’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে মূল বক্তব্য উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন।
মনিকা গার্টনার এঙ্গেল বলেন, ‘বর্তমানে ইউক্রেন যুদ্ধে একটি নতুন অধ্যায় শুরু হয়েছে। ইউক্রেন শিবিরে অত্যাধুনিক অস্ত্র ও প্রযুক্তির ব্যবহার এবং ন্যাটোর বিশেষ ইউনিটের প্রশিক্ষণ রাশিয়াকে প্রতিরক্ষামূলক প্রবণতার দিকে নিয়ে গিয়েছে। অন্যদিকে ইউক্রেনের অবকাঠামোর ওপর রাশিয়ার আক্রমণ সরবরাহ ব্যবস্থায় ঘাটতি তৈরি করেছে। ফলে জনজীবনে বিরূপ প্রভাব পড়েছে। এমন পরিস্থিতিতে জনসাধারণের মধ্যে একটি আন্তর্জাতিক বিপ্লবী উত্থান এবং সর্বোপরি একটি সমাজতান্ত্রিক বিপ্লবের মধ্য দিয়ে সাম্রাজ্যবাদের অবসানের ভিত্তিভূমি হাজির হয়েছে। সুতরাং আমাদের পারমাণবিক বিশ্বযুদ্ধের বিরুদ্ধে সব শক্তিকে ঐক্যবদ্ধ করা এবং গভীরভাবে আশাবাদী হতে হবে। কারণ যুদ্ধ-সংকট-শোষণ ও নিপীড়নহীন সমাজের জন্য আমাদের একটি বৈজ্ঞানিক পরিকল্পনা আছে, যার নাম প্রকৃত সমাজতন্ত্র।’
তিনি আরো বলেন, ‘নয়া সাম্রাজ্যবাদী রাশিয়া ও পুঁজিবাদী ইউক্রেনের মধ্যকার এ যুদ্ধ দুই পক্ষ থেকেই অন্যায্য। শান্তির পক্ষে থাকা কোনো মানুষ রাশিয়া বা ন্যাটো কারোরই পক্ষ নিতে পারে না।










