সমলা বেগম, স্বামীহারা ৮০ বছরের বেশি বয়সী এ নারীকে তার সন্তানরা নিজেদের কাছ থেকে আলাদা করে দিয়েছেন। উপায়হীন এ নারীর দিন কাটে অনাহারে-অর্ধাহারে। অতীতে মানুষের বাড়িতে আর ধান ভাঙার কাজ করে কোনো রকমে চলতেন, কিন্তু বয়সের ভারে তাও এখন করতে পারেন না।
আজ শনিবার দুপুরে শেরপুর-ঝিনাইগাতী সড়কের খৈলকুড়া এলাকায় রাস্তার পাশে বসে কাঁদছিলেন তিনি। এ সময় তাকে দেখতে পান ঝিনাইগাতী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ। সমলা বেগমের অর্তনাদ শুনে নিজের গাড়ির চালকের মাধ্যমে তাকে ১০ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি পেঁয়াজ, দুই কেজি আলু, ১ লিটার তেল, এক কেজি লবণ ও একটি সাবান কিনে দেন ইউএনও।
এ ব্যাপারে জানতে চাইলে ইউএনও ফারুক আল মাসুদ জানান, উপজেলার হাতিবান্দা ইউনিয়নের করোনা টিকাদান কেন্দ্র পরিদর্শন করে ফেরার সময় তিনি সমলাকে দেখতে পান। পরে তার কথা শুনে খাদ্যসামগ্রী কিনে দেন। তিনি বলেন, ‘মানুষ হিসেবে একজন মানুষের পাশে দাঁড়িয়েছি, সহযোগিতা করেছি। এটা আমার দায়িত্ব ও কর্তব্য। আমি দায়িত্ব পালন করেছি মাত্র।’ কোনো মধ্যবিত্ত পরিবার যদি খাদ্য সঙ্কটে থাকেন ৩৩৩ নম্বরে ফোন দিলে খাবার পৌঁছে যাবে বলেও তিনি জানান।










