বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এ খুশিতে কারফিউ ভেঙে আজ সোমবার (৫ আগস্ট) নওগাঁ শহরের কাজীর মোড়ে জড়ো হওয়া হাজারো ছাত্র-জনতা বিজয় উল্লাস করেছেন। একই সময়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বাসভবন ভাঙচুর করে বিক্ষোভকারীরা।

শিশু থেকে শুরু করে বৃদ্ধ, নারী থেকে কিশোরী সব বয়সীকে উল্লাস করতে দেখা যায়। এ সময় সেনাবাহিনীর সদস্যদের স্যালুট দেওয়ার পাশাপাশি ফুল দিয়ে ধন্যবাদ জানান তাঁরা। ছাত্র-জনতা বিজয় মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ছাত্র-জনতাকে সমস্বরে ‘জিতিলো রে জিতিলো, ছাত্র সমাজ জিতিলো’ , ‘খুনি হাসিনার ফাঁসি চাই’সহ নানা স্লোগান দিতে দেখা যায়। বিজয় মিছিলটি শহরের সরিষা হাটির মোড়ে পৌঁছালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। এ সময় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থিত সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জনের বাসভবনসহ তাঁর মালিকানাধীন ঠিকানা কমিউনিটি সেন্টারে থাকা বেশ কয়েকটি মোবাইলের শোরুম ভাঙচুর করা হয়।

শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণের সময় বিজয় মিছিলে অংশ নেয়া জনতা আওয়ামী লীগের সকল ব্যানার ও ফেস্টুন ভাঙচুর করার পাশাপাশি জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ লালের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।