বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। একই সঙ্গে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে যাওয়া পররাষ্ট্রমন্ত্রী ড. খালিলুর রহমানকেও জাপান সফরের আমন্ত্রণ জানিয়েছেন জাপান।

বুধবার (১২ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ঢাকায় অনুষ্ঠিত ৭ম বাংলাদেশ-জাপান ফরেন অফিস কনসালটেশনে জাপানের সিনিয়র ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী নামাজু হিরোয়ুকি এসব আমন্ত্রণ জানান। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম এবং জাপানের পক্ষে নামাজু হিরোয়ুকি নিজ নিজ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

বৈঠকে বাংলাদেশ-জাপান কৌশলগত অংশীদারত্ব আরো সুসংহত ও গভীর করার বিষয়ে উভয় পক্ষ অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা ও সবুজ জ্বালানি, অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ), বিগ-বি উদ্যোগ এবং প্রতিরক্ষা সহযোগিতাসহ দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

পররাষ্ট্র সচিব আশা প্রকাশ করেন, ইপিএ জাপানি বিনিয়োগ বাড়াতে ভূমিকা রাখবে। একই সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং নবায়নযোগ্য জ্বালানি ও টেকসই উন্নয়নে জাপানের অব্যাহত সহযোগিতা চান তিনি।

বৈঠকে জাপানে বাংলাদেশী দক্ষ কর্মীদের জন্য সুযোগ সম্প্রসারণ এবং শিক্ষাগত, সাংস্কৃতিক ও সুশীল সমাজের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপরও গুরুত্ব দেয়া হয়।

এদিকে বাংলাদেশও প্রধানমন্ত্রী তাকাইচিকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছে।

রোহিঙ্গা সংকট, আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় এবং জাতিসংঘসহ বহুপক্ষীয় ফোরামে সহযোগিতা নিয়েও বৈঠকে আলোচনা হয়। পরবর্তী বাংলাদেশ-জাপান ফরেন অফিস কনসালটেশন ২০২৭ সালে টোকিওতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।