চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল ওভারটেক নিয়ে বাগবিতণ্ডার জেরে সাব্বির (২০) নামের এক কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় আশিক নামের তার এক বন্ধু আহত হন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌর এলাকার টিকরামপুর গ্রামের আদর্শ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। সাব্বির ওই গ্রামের মনিরুল ইসলামের ছেলে। তিনি চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

হত্যাকাণ্ডের ঘটনায় নিহত সাব্বিরের পিতা মনিরুল ইসলাম বাদী হয়ে পাঁচজনকে এজাহারনামীয় আসামি এবং ছয়-সাতজনকে অজ্ঞাতনামা আসামি করে শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেছেন। রাতেই অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১ নম্বর কলোনি জিয়াউল হকের সুরাত আলী ও করিমের ছেলে সুরাজ আলীকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ইব্রাহিম আলী জানান, সাব্বির বন্ধু আশিককে নিয়ে মোটরসাইকেলে ঘোরাঘুরি করছিলেন। এ সময় পৌর এলাকার ১ নম্বর কলোনির জিয়ার ছেলে সুরাত আলীসহ বেশ কয়েকজন তিনটি মোটরসাইকেল নিয়ে তাদের অতিক্রমের চেষ্টা করেন। এ সময় সাব্বিরের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সাব্বির ও আশিককে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যান।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। পরে সাব্বিরের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠান। পথে সাব্বিরের মৃত্যু হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মোজাফফর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।